সাংবাদিক জামাল খাশোগি হত্যাকা-ের সঙ্গে জড়িত সন্দেহভাজন ২০ সৌদিকে অভিযুক্ত করে তাদের নাম প্রকাশ করতে যাচ্ছে দ্য ইস্তাম্বুল প্রসিকিউটর দপ্তর। এই তালিকায় সৌদি আরবের গোয়েন্দা বিভাগের সাবেক ডেপুটি প্রধান ও একজন সাবেক উপদেষ্টার নামও রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা।
পশ্চিমা দেশগুলো মনে করে জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর রিপোর্টেও বিষয়টি উল্লেখ করা হয়। প্রসিকিউটরদের দপ্তর থেকে বলা হয়, সৌদি আরবের গোয়েন্দা বিভাগের সাবেক ডেপুটি প্রধান আহমেদ আল আসিরি ও রাজতন্ত্রের সাবেক উপদেষ্টা সউদ আল কাহতানির প্ররোচনায় জামাল খাশোগিকে হত্যা করা হয়।
সন্দেহভাজনদের মোবাইলের রেকর্ড, কনস্যুলেটে তাদের প্রবেশ ও বের হয়ে যাওয়ার সময়, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং খাশোগির ফোন, ল্যাপটপ ও আইপ্যাড বিশ্লেষণ করে এমন বিবৃতি দেয় প্রসিকিউটর দপ্তর। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ ও দেশটির সংবাদমাধ্যমগুলো কোনো প্রতিক্রিয়া জানায়নি। গত ডিসেম্বরে খাশোগি হত্যায় যুক্ত অভিযোগে পাঁচ ব্যক্তিকে মৃত্যুদ- ও তিনজনকে কারাদ- দেয় সৌদি কর্তৃপক্ষ। সৌদিরা কাহতানি ও আল আসিরির বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা পায়নি। ফলে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে দেয় সৌদি আদালত।