হোম কোয়ারেন্টাইনে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ওয়াদুদ চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসায় হোম কোয়ারেন্টাইনে আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্‌রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী।

এ খবরের সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. খান আবুল কালাম দেশ রূপান্তরকে বলেন, “হৃদ্‌রোগ বিভাগের প্রধান ওয়াদুদ সাহেব ১০-১২ দিন আগে বিভাগে একজন রোগীকে চিকিৎসা দিয়েছিলেন। পরে আইইডিসিআরে ওই রোগী করোনা টেস্টের ফল পজেটিভ আসে। এটা জানতে পেরে ওয়াদুদকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।”

তবে ওয়াদুদ কতদিন ধরে হোম কোয়ারেন্টাইনে আছেন তা জানাতে পারেননি আবুল কালাম।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ডা. ওয়াদুদের হোম কোয়ারেন্টাইনের দশম দিন। হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মনের অভিব্যক্তিও জানিয়েছেন বিশিষ্ট এই হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।

“...বইপাগল আমি আজ সময় কাটাচ্ছি বহুদিনের জমে থাকা, না পড়া বইয়ে ডুবে আর নেটে বিভিন্ন দেশের করোনা মহামারির খবর পড়ে।”

“…সুস্থ থাকলে হয়তোবা আবারও হব কর্মচঞ্চল। কিন্তু আমাদের অপ্রতুল স্বাস্থ্য ক্ষমতা কতটুকু রক্ষা হবে করোনা মহামারি প্রতিরোধের জন্য? হে প্রভু, হে মহান প্রভু, রক্ষা করো এই দেশ। রক্ষা করো সোনার বাংলাকে।”