করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে সচেতন করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারনা চালাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। কোনো কোনো দিন একাধিক বার্তাও দিচ্ছেন। সবাইকে তার একটাই অনুরোধ- ‘ঘরে থাকুন, নিরাপদে থাকুন।’
স্বাধীনতা দিবসেও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করে শপথ নিতে বললেন ঘরে থাকার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। স্বাধীনতা ঘোষণা ও মুক্তিযোদ্ধের সূচনার এই দিনটি বাঙ্গালি জাতির জন্য আবেগের। এবার করোনাভাইরাসের ভয়াবহতায় অবশ্য কোনো উৎসবের সুযোগ নেই। বরং নতুন একটা যুদ্ধে নামার সময় এখন।
মাশরাফী তার ফেইসবুক বার্তায় সবাইকে সেটিই স্মরণ করিয়ে দিয়েছেন। নিজের ভেরিফায়েড পেজে মাশরাফী একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই, দুটিই ফুটে উঠেছে।
ক্যাপশনে মাশরাফী লিখেছেন, ‘২৬শে মার্চ, ১৯৭১: শপথ ছিল ঘর থেকে বের হবার। ২৬শে মার্চ, ২০২০: এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমন প্রতিরোধে সহায়তা করুন।’
মাশরাফী আরো লেখেন, ‘খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই।’
এর আগে বুধবার রাতেও একটি পোস্ট করেন মাশরাফী। সেখানেও মাশরাফী বলেছেন আপনি এবং আমি শুধু এই শিকল ভাঙতে পারি। ঘরে থাকুন, সুস্থ থাকুন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৪৪। মৃতের সংখ্যা ৫।