চাঁদপুরে সামাজিক দূরত্ব বাস্তবায়নে দোকানের সামনে বৃত্ত

করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখাতে বা বাস্তবায়নে চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে চাঁদপুরের সরকারি-বেসরকারি হাসপাতালসমূহের ফার্মেসি, মুদি দোকানসহ বিভিন্ন ফলের দোকানের সামনে বৃত্ত এঁকে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। যাতে করে ক্রেতা-বিক্রেতা উভয়েই যেন সামাজিক দূরত্ব বজায় রাখতে পারে।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের ফার্মেসির সামনে ৩ ফুট দূরত্ব রেখে একজন চিত্রকর দিয়ে বৃত্ত এঁকে নমুনা দেখিয়ে দেন।

সরকারি এ কর্মকর্তা ফার্মেসির মালিক, বিক্রয়কারী কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, ওষুধ ক্রেতাগণ অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে যেন ওষুধ ক্রয় করেন। ক্রেতাগণ যেন এটা মেনে চলেন।

আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেন, শুধুমাত্র ওষুধ বিক্রির বেলায় এটি প্রযোজ্য নয়, কাঁচামাল ও অন্যান্য বিষয় মুদি দোকান থেকেও যে কোনো প্রয়োজনীয় দ্রব্য কেনার ক্ষেত্রে সবাই এ নিয়ম মেনে চলতে হবে।