করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তারকারা এগিয়ে এসেছেন। তার মধ্যে ক্রিকেটাররা আরও আগে থেকেই সরকারের সহযোগিতায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর কাজ করছেন। বুধবার ক্রিকেটাররা সবাই মিলে নিজেদের বেতনের অর্ধেক করে অনুদান দিয়েছেন। আর সবার মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর প্রচারণা চালাচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও। সবাইকে অনুরোধ করছেন ঘরে থাকার, নিরাপদে থাকার। গতকাল স্বাধীনতা দিবসেও মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করে নতুন শপথ নিতে বললেন মাশরাফী। তিনি জানান, দেশের উদ্ভূত পরিস্থিতির জন্য এবারের শপথ হবে ঘরে থাকার। কবি হেলাল হাফিজের বিখ্যাত কবিতার লাইন ‘এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’-কে একটু পরিবর্তন করে কদিন আগে মাশরাফী তার ফেইসবুক পেজে লিখেছিলেন-এখন যৌবন যারা ঘরে থাকার তার শ্রেষ্ঠ সময়। বৃহস্পতিবার ছিল মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এবার করোনাভাইরাস আতঙ্কের কারণে এই দিবসে কোনো কার্যক্রমও করতে পারেনি বাংলাদেশ সরকার। বরং করোনার কারণে নিজ নিজ বাসায় থাকতে হচ্ছে সবাইকে। মাশরাফী তার ফেইসবুক বার্তায় নতুন করে সবাইকে আবারও এই সতর্কতা স্মরণ করিয়ে দিলেন। নিজের ভেরিফায়েড পেজে মাশরাফী একটি ছবি পোস্ট করেছেন। যে ছবিতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই, দুটিই ফুটে উঠেছে।
ক্যাপশনে মাশরাফী লিখেছেন, ‘২৬শে মার্চ, ১৯৭১ : শপথ ছিল ঘর থেকে বের হওয়ার। ২৬শে মার্চ, ২০২০ : এবারের শপথ ঘরে থাকার। ঘরে থাকুন, সুস্থ থাকুন। সংক্রমণ প্রতিরোধে সহায়তা করুন। খেলার স্বাধীনতা যদি আবার ফিরে পেতে চাই, এখন তাহলে উত্তম কিন্তু ঘরে থাকাটাই।’ এর আগে বুধবার রাতেও একটি পোস্ট করেন মাশরাফী। সেখানেও মাশরাফী বলেছেন আপনি এবং আমি শুধু এই শিকল ভাঙতে পারি। ঘরে থাকুন, সুস্থ থাকুন।