ব্যক্তি উদ্যোগে পিপিই সরবরাহ করছেন স্মার্টেক্স সিওও মারিয়াম জামান

করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এ পরিস্থিতিতে এই ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্টদের জন্য পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) তৈরি করছেন দেশের প্রথম সারির ফ্যাশন হাউজ ‘স্মার্টেক্স বাংলাদেশের’ প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মারিয়াম জামান।

গতকাল বৃহস্পতিবার মারিয়াম জামান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ৩ হাজার পিপিই তৈরি করার উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে ২ হাজার ৪০০ পিপিই প্রোডাকশনে আছে, যা স্মার্টেক্সের মহাখালীর নিজস্ব কারখানায় তৈরি করা হচ্ছে। আর এটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘পিপিই তৈরি করার পর ফেইসবুকে পোস্ট দিয়েছিলাম। এরই মধ্যে অনেকেই যোগাযোগ করে নিয়ে গেছেন। আবার যারা দূরে আছেন তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এরই মধ্যে আমরা প্রায় এক হাজারের মতো পিপিই বিলি করেছি সংশ্লিষ্টদের কাছে।’ এই দুঃসময়ে মানবসেবায় দেশের সচ্ছল নাগরিকদেরও এগিয়ে আসা প্রয়োজন বলেও মনে করেন মারিয়াম জামান।