করোনা: যুক্তরাজ্যে প্রতি ১৩ মিনিটে একজনের মৃত্যু

ভয়াবহ করোনাভাইরাসের প্রকোপে পড়েছে যুক্তরাজ্যও। ইউরোপে ইতালি ও স্পেনের পর সবচেয়ে বেশি মৃতের সংখ্যা দেশটিতে। প্রতি তেরো মিনিটে একজন করে মারা যাচ্ছে সেখানে।

বৃহস্পতিবার ডেইলি মেইল জানায়, যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ১১৩ জন। এতে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় ৫৮০ জন।  আক্রান্ত হয়েছে ১১ হাজার ৮১২ জন।

সংক্রমণ প্রতিরোধে ছয় মাস পর্যন্ত যুক্তরাজ্যে লকডাউন পরিস্থিতি থাকতে পারে বলে দেশটির এক জ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা  জানিয়েছেন। সবক্ষেত্রে না হলেও চলমান অনেক নিষেধাজ্ঞাই দীর্ঘদিন জারি রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।

বিবিসি রেডিও ৪-এর এক অনুষ্ঠানে যুক্তরাজ্যের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. জেনি হ্যারিস এ কথা বলেন। তার দাবি, আগামী দু’সপ্তাহের মধ্যেই দেশটিতে করোনা সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর থেকেই তা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং গ্রীষ্মকাল শুরুর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

শুক্রবার ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান  থেকে ছড়িয়ে পড়ে কভিড-১৯। এর মধ্যে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে সাড়ে ২৪ হাজার জনের। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে এক লাখ ২২ হাজার মানুষ।

সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ২১১। এরপর স্পেনে মারা গেছে ৪ হাজার ৩৬৫ জন। চীনে মারা গেছে ৩ হাজার ২৯১ জন।

গত আড়াই মাসের বেশি সময় ধরে মৃত ও আক্রান্তের সংখ্যায় এগিয়ে ছিল চীন। দেশটিতে সংক্রমণ থেমে যাওয়ায় ভাইরাসটির নতুন কেন্দ্র হয়ে দাঁড়ায় ইউরোপ। ফলে গত কয়েক দিনে আক্রান্ত ও মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে ইতালি ও স্পেন।