নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় ভাইরাসটির উৎসস্থল চীনকে ছাড়িয়ে সবার ওপরে এখন যুক্তরাষ্ট্র। এই অবস্থায় ভাইরাসটির বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তার প্রস্তাব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। পাশাপাশি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নেরও আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে এক ফোনালাপে ট্রাম্পকে এ প্রস্তাব দেন শি। করোনাভাইরাস ছড়ানো নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি দোষারোপ ও ভাইরাসকে ট্রাম্পের ‘চীনা ভাইরাস’ আখ্যা দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে চলা দ্বন্দ্বের মধ্যেই শি চিনপিং সহায়তার হাত বাড়ানোর প্রস্তাব দিলেন।
ফোন কলে ট্রাম্পকে চীনের প্রেসিডেন্ট বলেছেন, এ সময়ে দুপক্ষ লড়াই করতে থাকলে ক্ষতিই হবে বরং একসঙ্গে কাজ করতে পারলেই উপকার হবে। সহযোগিতাই এখন একমাত্র পথ। যুক্তরাষ্ট্রে যেসব চীনা নাগরিক আছেন তাদের সুরক্ষায় যুক্তরাষ্ট্র কার্যকরী পদক্ষেপ নেবে বলেও শি আশা প্রকাশ করেন।