করোনাভাইরাস: ইতালিতে একদিনে মৃত্যু ৯৬৯, স্পেনে ৭৬৯

করোনাভাইরাসে একদিনে ইতালিতে মারা গেছে ৯৬৯ জন আর স্পেনে ৭৬৯ জন। দুই দেশেই ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুর রেকর্ড হল। বিশ্বে কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যাও ২৫ হাজার ছাড়িয়েছে।

ইতালির বেসামরিক সুরক্ষা সংস্থার তথ্য মতে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৯৬৯ জনের মৃত্যুতে শুক্রবার রাত নাগাদ দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৪ জনে। এই সময়ে নতুন করে ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে চার হাজার ৪০১ জনের, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৪৯৮ জনে।

অন্যদিকে স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ হাজার ৮৭১ জনের এই ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৫৯ জনে।
আর এই ২৪ ঘণ্টায় ৭৬৯ জনের মৃত্যুতে স্পেনে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৮৫৮ জনে।

ইতালির সুপারিয়র হেলথ ইনস্টিটিউটের প্রধান সিলভিও ব্রুসাফেরো বলেছেন, আক্রান্তের সংখ্যায় দেখা যাচ্ছে নতুন সংক্রমণের হার ‘কমছে’, যা গৃহীত কঠোর পদক্ষেপগুলো ফলপ্রসূ হওয়ার ইঙ্গিত দিচ্ছে।
ইউরোপে ইতালির পরে নভেল করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ স্পেনের সরকার জরুরি অবস্থা অন্তত ১২ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে।