করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় মানবিক সহায়তা হিসেবে গত বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনীর সব ঘাঁটি এবং পাশর্^বর্তী এলাকায় নিম্নআয়ের মানুষকে চাল, ডাল, পেঁয়াজ, সাবান, ফলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করেছে। গতকাল শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর আরও জানায়, করোনাভাইরাসের ঝুঁকি বিবেচনায় সরকার সশস্ত্র বাহিনী মোতায়েন করেছে। বিমানবাহিনী জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় সেনাবাহিনী ও নৌবাহিনীকে সহযোগিতা করেছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্র্তৃক ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি বাংলাদেশ বিমানবাহিনীও জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় করোনাভাইরাসের কারণে দেশের এ অবস্থায় ২৫ মার্চ রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের শেয়ালদহে হামে আক্রান্ত ৫ শিশুকে উন্নত চিকিৎসাসেবা দিতে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে আক্রান্তদের চট্টগ্রামে আনা হয়।