মোহাম্মদপুরে বিদেশফেরতদের পাচ্ছে না পুলিশ

সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন এমন ৫৪ জনের বাসা পরিদর্শন করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ। তারা ঠিকভাবে হোম কোয়ারেন্টাইন মানছেন কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়েছেন পুলিশ সদস্যরা। কয়েকজনকে তাদের বর্তমান ঠিকানায় পাওয়া যায়নি। তবে তারা ঠিক কতজন, তা জানা যায়নি। গতকাল শুক্রবার মোহাম্মদপুর থানার একাধিক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে দেশ রূপান্তরকে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার দেশ রূপান্তরকে বলেন, মোহাম্মদপুর থানা এলাকার ৫৪ জনসহ তেজগাঁওয়ে মোট ২৮৯ জন বিদেশফেরত রয়েছেন। তাদের সবার ঠিকানা নিশ্চিত করে বাসার সামনে হোম কোয়ারেন্টাইন লেখা টানানো হয়েছে; যাতে পুলিশের পর্যবেক্ষণে সুবিধা হয়। তিনি বলেন, মোহাম্মদপুর এলাকার সব বিদেশফেরত বাসায় রয়েছে কি না, তা ওসি বলতে পারবেন। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফের সঙ্গে যোগাযোগ করে পাওয়া যায়নি।