রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত হ্ওয়ার খবর পা্ওয়া গেছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম সুরাইয়া আক্তার (৪৫)। অভিযুক্ত ছেলে সজীবকে (১৭) আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, মাদকের টাকা না দেওয়ায় সজিব তার মাকে ছুরিকাঘাত করে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টায় মৃত ঘোষণা করেন।
তিনি জানান, সজিবকে আটক করা হয়েছে। মৃতদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
নিহতের প্রতিবেশী রানা শেখ বলেন, সুরাইয়ার স্বামী মৃত বিল্লাল হাওলাদার। ছেলে সজিবকে নিয়ে মীরহাজিরবাগ চৌরাস্তা এলাকায় থাকতেন তিনি। অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। তার ছেলে সজিব মাদকাসক্ত। রাতে নেশার জন্য মায়ের কাছে টাকা চায় সে। মা টাকা না দেওয়া অনেকক্ষণ ঝগড়া করার পর বাসার সামনের রাস্তায় মা সুরাইয়াকে ছুরিকাঘাত করে সে।