রাজধানী ঢাকার মিরপুরে কয়েল থেকে লাগা আগুনে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়েছে।
শনিবার ভোর সোয়া ৪টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের বাউনিয়াবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মা কল্পনা (৩০) এবং তার দুই সন্তান জান্নাত (১২) ও কাউসার (১০)।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার মো. রাসেল সিকদার জানান, ভোরে বাউনিয়াবাদ এলাকার একটি সেমিপাকা বাসায় মশার কয়েল থেকে আগুন লাগে।
খবর পেয়ে ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর ওই বাসার ভেতর থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) আকলিমা জানান, ভোরে মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় মশার কয়েল থেকে ঘরে আগুন লেগে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন মা ও তার দুই সন্তান।
তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।