বিকাশ বেহলের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন ক্যাটরিনা কাইফ। তার বাবার চরিত্রে থাকছেন অমিতাভ বচ্চন। কয়েক দিন আগে বলিউডের ‘ডেডলি’ শিরোনামের এই সিনেমা খবরে আসে। এখন শোনা যাচ্ছে সিনেমাটি করছেন না ক্যাট। তিনি মেনে নিয়েছেন সমালোচকদের আপত্তি।
বলিউড হাঙ্গামা জানায়, ‘ভারত’ নায়িকার অভিনয়ের বিষয়টি চূড়ান্তই ছিল। এই বিষয়ে ঘোষণার পরদিনই তিনি অস্বীকৃতি জানান।
এর কারণ হিসেবে উঠে এসেছে পরিচালক বিকাশের বিরুদ্ধে উঠা পুরোনো অভিযোগ।
অনুরাগ কাশ্যপসহ কয়েকজন বন্ধুর সঙ্গে বিকাশ গড়ে তুলেছিলেন ফ্যান্টম ফিল্মস। ওই প্রতিষ্ঠানেরই এক নারী কর্মী দুই বছর আগে বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে। সেই সূত্রে ফ্যান্টম ফিল্মস ভেঙেও যায়। যদিও পরে একটি তদন্ত কমিটি পরিচালককে নির্দোষ বলে ঘোষণা দেয়।
সূত্র বলছে, বিকাশকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়েছে জেনে এই সিনেমায় রাজি হয়েছিলেন ক্যাটরিনা। কিন্তু খবর চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় নায়িকার সমালোচনা শুরু হয়। এরপরই তিনি নিজেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
ক্যাটরিনাকে সামনে দেখা যাবে রোহিত শেটির ‘সূর্যবংশী’ ছবিতে, বিপরীতে আছেন অক্ষয় কুমার। এ ছাড়া আলী আব্বাস জাফরের সুপারহিরোইন সিনেমায় দেখা যেতে পারে তাকে।