স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় চলাফেরা করতে কোনো বাধা নেই

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় যেকোনো মাধ্যম ব্যবহার করে চলাফেরা করতে কোনো বাধা নেই বলে জানিয়েছে ডিএমপি। পাশাপাশি ঢাকায় হোটেল ও বেকারিগুলো খোলা থাকবে বলে জানানো হয়েছে।

মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের কাছে পাঠানো বার্তায় এসব বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম। ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খাবারের দোকান খোলা থাকা নিয়ে একটা বিভ্রান্তি দেখা দিয়েছে উল্লেখ করে কৃষ্ণপদ রায় বলেন, এই শহরে অনেকেই আছেন, যাদের রান্নার সুযোগ নেই। তারা তো আর না খেয়ে থাকতে পারবেন না। তাই খাবারের দোকান খোলা রাখা যাবে। এ ক্ষেত্রে খাবার কিনে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ যদি বসে খেতে চান, সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এর বাইরে আরও যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে, সেগুলো আগেই জারি ছিল।

মাঠ পর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের বলা হয়েছে- হোটেল ও বেকারি সচল রাখার জন্য যারা সেখানে কাজ করেন, তাদের স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে, তাদের কর্মীদেরও কাজ করার সুযোগ দিতে হবে। একজন ব্যক্তি যেকোনো মাধ্যম ব্যবহার করে রাস্তায় চলাফেরা করতে পারবেন। তবে সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করত হবে।

পাশাপাশি জরুরি দায়িত্ব পালনে নিয়োজিত চিকিৎসক, নার্স, চিকিৎসা সহকারী ও টেকলোজিস্ট, সিটি করপোরেশন ও নিরাপত্তা প্রহরীদের ব্যাপারে বিশেষ যত্নশীল হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের সময় সামাজিক দূরত্ব মেনে পেশাদারি আচরণ করতে বলা হয়েছে।