অসহায়, দুস্থদের পাশে দাঁড়ালেন জাতীয় দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন। একই সঙ্গে যারা সক্ষম তাদের প্রতিও আহ্বান জানালেন, করোনাভাইরাসের এই মহামারির সময়ে অসহায়দের পাশে দাঁড়ানোর।
শনিবার নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে মোসাদ্দেক একটি ছবি করেছেন। যেখানে দেখা যাচ্ছে কিছু তরুণকে নিয়ে মোসাদ্দেক বেরিয়েছেন অসহায়দের পাশে দাঁড়াতে। ক্যাপশনে মোসাদ্দেক লিখেছেন, ‘যারা সক্ষম আসুন এটা করি। আমাদের সমাজের জন্য কিছু করি।’
এর আগে শুক্রবারও নিজ শহর ময়মনসিংহে অসহায়দের মাঝে খাবার বিতরণ ও জামাকাপড় বিতরণ করেন তিনি। নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে যার বেশ কিছু ছবি পোস্ট করেন মোসাদ্দেক।
ছবিগুলো ফেইসবুকে দিয়ে ক্যাপশনে মোসাদ্দেক লিখেছেন, ‘পুরো দেশ আজ করোনা ভাইরাস বা Covid-19 এ স্তব্ধ হয়ে গেছে। গত কয়েক যুগে প্রিয় মাতৃভূমির এমন পরিস্থিতি আর কেউ কখনো দেখে নি। ১৬ কোটি মানুষের এই দেশে প্রায় ৬ কোটির মত মানুষ রয়েছে যারা অসহায়, গরিব দুঃখ। দিনে ১ বেলা খাবার জোটাতে যাদের হিমশিম খেতে হয়। দেশের এই ক্রান্তিলগ্নে তারাই আজ সব চাইতে বেশি বিপদে। নেই কোনো আয়, রোজগার, তাই পেটেও নেই খাবার। এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে আমাদের দায়িত্ব।’
মোসাদ্দেক আরো লিখেন, ‘তারই অংশ হিসেবে আজ ময়মনসিংহের অসহায় দুস্থ ও গরিব লোকদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে। আসুন আমরা সবাই মিলে দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে দাঁড়াই।’