চাঁদপুরে সকল স্থানীয় দৈনিক পত্রিকার প্রকাশনা বন্ধ

করোনাভাইরাসের প্রভাবে চাঁদপুর জেলা শহর থেকে প্রকাশিত ১৫টি দৈনিকসহ সাপ্তাহিক পত্রিকার প্রকাশনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার চাঁদপুরের কোন সংবাদপত্র প্রকাশিত হয়নি।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে ও নিজেদের নিরাপত্তার জন্য চাঁদপুরের হকাররা সংবাদপত্র বিলি করতে অনীহা প্রকাশ করেছে। একই সঙ্গে এই সংকটময় সময়ে সকলের সুস্থতার কথা চিন্তা করে স্থানীয় পত্রিকার মালিক ও সম্পাদকবৃন্দও পত্রিকা প্রকাশনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাই শনিবার থেকে চাঁদপুরে সংবাদপত্র প্রকাশনা বন্ধ রয়েছে। তবে প্রিন্ট ভার্সনে পত্রিকার প্রকাশনা বন্ধ থাকলেও অনেকে তাদের অনলাইন ভার্সন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা বলেন,  গত ২৬ মার্চ সর্বশেষ চাঁদপুরের স্থানীয় পত্রিকাগুলো প্রকাশিত হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি শেষে শুক্রবার পত্রিকা অফিসগুলো খোলা ছিল। শনিবার যথারীতি পত্রিকা প্রকাশিত হওয়ার কথা। কিন্তু শুক্রবার সকালে চাঁদপুর জেলা সংবাদপত্র হকার ও এজেন্ট সমিতি সিদ্ধান্ত নেয়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে থাকতে পরিস্থিতি উন্নতি হওয়ার আগ পর্যন্ত শনিবার থেকে তারা আর পত্রিকা বিক্রি করবে না। এ কারণে চাঁদপুর জেলায় আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পত্রিকা প্রকাশনা বন্ধ রয়েছে।

এ ব্যাপারে চাঁদপুর জেলা হকার সমিতির সভাপতি মো. হানিফ বলেন, টানা সরকারি ছুটির কারণে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, চেম্বারসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। দৈনন্দিন ক্রেতাও নেই রাস্তায়। এতে আমাদের লোকসান হচ্ছিল প্রতিদিন। তা ছাড়া করোনায় সংক্রমণের আশঙ্কাও আছে। সব মিলিয়ে হকাররা আপাতত কয়েক দিন পত্রিকা বিক্রি/বিলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

চাঁদপুর শহরের পাটোয়ারি নিউজ পেপার এজেন্সির পরিচালক জসিম মেহেদী বলেন, সরকারি ১০ দিনের সাধারণ ছুটি শুরুর পর থেকেই পত্রিকা বিক্রি কমে যায়। লোকসান মেনেও এজেন্সি চালিয়ে আসছিলাম। কিন্তু বিক্রি কমে যাওয়া ও করোনা থেকে আত্মরক্ষায় হকাররা পত্রিকা বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় আমরাও বাধ্য হয়েছি এজেন্সির কার্যক্রম বন্ধ রাখতে। খুব খারাপ লাগছে। আমাদের এজেন্সি প্রতিষ্ঠার পর এমন ঘটনা আগে কখনো ঘটেনি। তবে আশা করছি, পরিস্থিতির উন্নতি হলে দ্রুত পাঠকের হাতে পত্রিকা পৌঁছে দিতে পারবো আমরা।

দৈনিক চাঁদপুর প্রবাহের প্রকাশক নিলুফা আক্তার বলেন, শত প্রতিকূলতা মোকাবিলা করেই বছরের পর বছর ধরে আমরা নিয়মিত পত্রিকা প্রকাশ করে আসছি। করোনার মধ্যেও আমাদের প্রকাশনা অব্যাহত ছিল। কিন্তু হকাররা পত্রিকা বিক্রি বন্ধ করায় আমরা বাধ্য হলাম কিছুদিনের জন্য পত্রিকা প্রকাশ বন্ধ রাখতে। তবে আমাদের ওয়েবসাইট (www.chandpurprobaha.com) এখন প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে। পাঠকদের আমরা সব সময় সর্বশেষ খবর জানাতে বদ্ধপরিকর।