করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব আজ ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আছে। এই বিপর্যয় রোধে করোনা আক্রান্ত সাধারণ মানুষদের পাশে দাঁড়াচ্ছেন বিশ্বের নামীদামি তারকারা। আমেরিকান গায়িকা টেলর সুইফটের অনেক ভক্তের রোজগার বন্ধ হয়ে গেছে। তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই তারকা। মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক ভক্তকে ৩ হাজার ডলার (আড়াই লাখ টাকারও বেশি) করে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন তিনি। কয়েকজন ইতিমধ্যে তার অনুদান পেয়েছে।
হলি টার্নার নামের একজন ভক্ত পেশায় ফ্রিল্যান্স মিউজিক ফটোগ্রাফার ও গ্রাফিক ডিজাইনার। সামাজিক যোগাযোগমাধ্যম টাম্বলারে তিনি উল্লেখ করেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে তার জীবিকা হুমকির মুখে পড়েছে এবং নিউ ইয়র্ক সিটি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন।
টাম্বলারে তথ্যটি দেখে ভক্তের কাছে তিন হাজার ডলার পাঠিয়ে সুইফট লিখেছেন, ‘হলি, আপনি সব সময় আমার পাশে ছিলেন। এখন আমি আপনার পাশে থাকতে চাই। আশা করি, টাকাগুলো কাজে লাগবে। ভালোবাসা রইলো, টেলর।’
গ্র্যামিজয়ী এই গায়িকার কাছ থেকে টাকা পেয়ে অবাক হলি টার্নার। তার ভাষায়, ‘শহরে থাকতে আমার যা সামর্থ্য প্রয়োজন তা আক্ষরিকভাবে একাই ব্যবস্থা করে দিলেন সুইফট। নিজের চোখকে এখন আমার বিশ্বাস হচ্ছে না!’
বকেয়ার ভারে জর্জরিত আরেক ভক্তকে তিন হাজার ডলার পাঠিয়েছেন সুইফট। কৃতজ্ঞচিত্তে তিনি বলেন, ‘এমন সুন্দর, জাদুকরী ও অবিশ্বাস্য মানুষ আর দেখিনি। কী বলবো ভেবে পাচ্ছি না!’
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস