সেই ২০০৪ থেকে বার্সেলোনার হয়ে খেলছেন লিওনেল মেসি। বার্সেলোনা বাদে খেলেছেন আর একটি মাত্র ক্লাবেই, সেটা আর্জেন্টিনার নিওয়েলস ওল্ড বয়েজ। সেটা অবশ্য মেসির ছোটবেলার কথা। এরপর বার্সেলোনাই তার সবকিছু। সম্প্রতি মেসি ও বার্সার যে হৃদ্য সম্পর্ক তাতে ফাটল ধরেছে। পারিশ্রমিক ও অন্যান্য সুযোগ-সুবিধা এবং পারফরম্যান্স নিয়ে ক্লাব কর্মকর্তাদের আচরণ বিরক্ত করেছে মেসিকে। যে কারণে ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি করতেও দেরি করছেন মেসি। এমন সময়ে কেউ কেউ মেসিকে পরামর্শ দিচ্ছেন অন্য ক্লাবে চলে যাওয়ার, এক ক্লাবে না থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো নতুন চ্যালেঞ্জ নেওয়ার। কিন্তু এই পরামর্শ যারা দিচ্ছেন তাদের একহাত নিয়েছেন জেমি ক্যারাহার। সাবেক ইংলিশ ডিফেন্ডার এমন পরামর্শদাতাদের স্রেফ বোকা বললেন।
সাবেক লিভারপুল তারকার ক্যারাহারের মতে, বার্সেলোনা ছাড়ার পরামর্শ দিয়ে অনেকেই মেসির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে রোনালদোর পথ অনুসরণ করতে হবে না বলে মনে করেন তিনি। সম্প্রতি ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘কটঅফসাইড’কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারাহার বলেন, ‘মেসিকে বার্সা ছাড়তে বলা বোকামি, পুরোপুরি বোকামি। সে সেরা একটি ক্লাবে আছে, সে সেখানে সেরা খেলোয়াড় এবং সে গোটা ইউরোপের সেরা খেলোয়াড়।’
মেসির আসল লড়াইটা যার সঙ্গে সেই রোনালদো ইংল্যান্ড, স্পেন মাতিয়ে এবার ইতালিতে নিজের শ্রেষ্ঠত্ব দেখাচ্ছেন। ৩৫ বছর বয়সী রোনালদো বর্তমানে খেলছেন ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। এর আগে নিজ দেশ পর্তুগালে স্পোর্টিং, ইংল্যান্ডে ম্যানচেস্টার ইউনাইটেড ও স্পেনে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি। ক্যারেহারের মতে রোনালদো মেসির চেয়ে এগিয়ে থাকার জন্যই ক্লাব বদলায়, ‘আমি জানি কেন রোনালদো ক্লাব বদলায়। কারণ সে জানে, তাকে সবসময় মেসির চেয়ে সামান্য পিছিয়ে আছে ভাবা হয়। তাই নিজেকে সেরা প্রমাণের জন্য সে ক্লাব বদলায়। আমি মনে করি, রোনালদো খুব চালাক।’