দুস্থদের খাবার সামগ্রী দিলেন বিএনপি নেতা ইশরাক

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টানা সাধারণ ছুটির মধ্যে রাজধানীর নিম্নআয়ের মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। গতকাল শনিবার বিকেলে গোপীবাগে বাসভবনের সামনে প্রয়াত বাবা ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদের উদ্যোগে দুস্থ-অসহায় ও খেটে খাওয়া মানুষদের মাঝে প্রয়োজনীয় খাবার এবং সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

নিজের ফেরিফাইড ফেইসবুকে ইশরাক এসব কার্যক্রমের ছবি পোস্ট করে পর্যায়ক্রমে নগরীর প্রত্যেক ওয়ার্ডে দুস্থদের এ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির পরাজিত এই প্রার্থী বলেন, ‘করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে।’