করোনাভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে পড়া দরিদ্র মানুষের সহায়তায় প্রতিষ্ঠিত হলো ‘করোনাদুর্গত সহযোগিতা কেন্দ্র’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক তানজীমউদ্দিন খানকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। দুর্গত মানুষের সহযোগিতায় কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবকরা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছেন। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে ইতিমধ্যে করোনাভাইরাসের সংক্রমণ প্রত্যন্ত এলাকায় পৌঁছে গেছে। দেশের অভ্যন্তরে কমিউনিটি সংক্রমণ থেকে আক্রান্তদের মধ্যে মৃত্যুর ঘটনারও খবর পাওয়া গেছে। বিশ্বের অন্যতম ঘন বসতিপূর্ণ এ দেশে করোনা রোগের প্রাদুর্ভাব আরও ছড়ানোর আশঙ্কা রয়েছে। ফলে এখন থেকে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও দুর্গত মানুষকে সহযোগিতার জন্য এগিয়ে আসার প্রয়াস হিসেবে এই কেন্দ্র যাত্রা শুরু করল।