‘ইচ্ছা করে’ পুলিশের সামনে কাশি দেয়ায় নর্দার্ন আয়ারল্যান্ডের লংডনডেরি শহরের ৩৩ বছর বয়সী এক চালককে গ্রেপ্তার করেছে স্থানীয় প্রশাসন। ওই যুবক নিজেই জানিয়েছেন, তিনি নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত।
থানায় নেওয়ার পর অভিযুক্ত দাবি করেন, তিনি করোনাভাইরাসের উপসর্গ পরীক্ষা করতে গিয়ে ইচ্ছা করে কাশি দেন।
বিবিসি জানিয়েছে, তার বিরুদ্ধে গাড়ি-চালনা সংক্রান্ত অভিযোগ আনা হয়েছে। তার কারণে তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বারবার বলা হচ্ছে, হাঁচি-কাশির মাধ্যমে এই ভাইরাসটি অন্য মানুষকে সংক্রমিত করে। এ কারণে শিষ্টাচার মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত ৩০ হাজার ৮২২ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সেরে উঠেছেন ১ লাখ ৩৯ হাজার ৪৫১ জন।