সাবেক স্ত্রী মিয়া গথের সঙ্গে শিয়া লাবেউফের প্রকাশ্য ঘনিষ্ঠতা দেখে সম্প্রতি অনেকে চোখ কপালে উঠেছে।
পিপল ডটকম জানায়, ৩৩ বছর বয়সী ‘দ্য আমেরিকান হ্যানি’ অভিনেতার সঙ্গে ২৬ বছরের গথকে কয়েকদিন আগে ঘুরতে দেখা যায়। তখন লাবেউফের আঙুলে ছিল ওয়েডিং ব্যান্ড। গথের আঙুলেও শোভা পাচ্ছিল হিরার আংটি ও ওয়েডিং ব্যান্ড।
ওই সময় তোলা একটি ছবিতে দেখা যায়, ক্যাজুয়াল পোশাকে একটি বেঞ্চিতে বসে আছেন তারা। লাবেউফের হাঁটুতে হাত রেখে তার দিকে ঝুঁকে আছেন গথ।
এর আগে ফেব্রুয়ারিতে লাবেউফের হাতে বিয়ের আংটি দেখা যায়।
তবে বিষয়টি নিয়ে পিপল ডটকমের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া জানাননি শিয়া লাবেউফ।
২০১২ বালে লারস ভর টায়ারের ‘নিমফোম্যানিয়াক: ভলিউম টু’তে অভিনয়ের সময় প্রথম দেখা শিয়া লাবেউফ ও মিয়া গথের। পরে ২০১৪ সালে অভিনেতার পরিচালনায় মিউজিক ভিডিওতে দেখা দেন গথ। ২০১৬ সালে তারা লাস ভেগাসে ব্যতিক্রমী এক আয়োজনে বিয়ে করেন, যা ইন্টারনেটে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে প্রচার করা হয়। তবে নেভাদার কর্মকর্তারা এই বিয়েকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তাদের পক্ষ থেকে একে ‘কমিটমেন্ট সেরেমনি’ হিসেবে উল্লেখ করা হয়। এর দুই বছর পর ২০১৮ সালে আনুষ্ঠানিক ছাড়াছাড়ির ঘোষণা দেন এই জুটি।