ভারত জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এর পক্ষে কয়েক দিন আগে নিজের মত জানিয়েছিলেন ঋষি কাপুর। এবার সরকারের কাছে মদের দোকান খোলা রাখার অনুরোধ করলেন বলিউডের এই বর্ষীয়ান অভিনেতা।
ঋষির পরামর্শ, প্রতিদিন সন্ধ্যাবেলা অল্প সময়ের জন্য হলেও মদের দোকান খোলা উচিত। টুইটারে এই কথা লেখেন তিনি।
সারা বিশ্বের মতো ভারতেও মৃত-আক্রান্তের সংখ্যা প্রতিদিন বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে হঠাৎ করে মদের দোকান কেন খোলা রাখতে চান ‘দিওয়ানা’ অভিনেতা? উত্তরটা নিজেই দিয়েছেন।
তার মতে, লকডাউনের মধ্যে পুলিশ, চিকিৎসক ও সাধারণ মানুষকে কিছুটা চাপমুক্ত রাখতেই মদের দোকান খোলা উচিত।
টুইটারে ঋষি লেখেন, “আমাকে ভুল বুঝবেন না। এই কয়েক দিন বাড়িতে বন্দি হয়ে অনেকেই অবসাদ, অনিশ্চয়তায় ভুগবেন। পুলিশ, চিকিৎসক, সাধারণ মানুষ, সবারই একটু মুক্তি প্রয়োজন। ব্ল্যাকে তো মদ বিক্রি চলছেই।”
মদ বিক্রির ফলে সরকারের ঘরে যে বাড়তি রাজস্ব ঢুকবে, তা এই পরিস্থিতিতে কাজে লাগবে বলেও মত তার।