শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দেশের সব জনগণকে বাসায় থাকার, সুস্থ থাকার ও নিরাপদে থাকার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের ঘরে বসে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে রবিবার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক বৈঠকে তিনি বলেন, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় পুরো বিশ্ব আজ প্রায় অচল। করোনার ভয়াবহ প্রাদুর্ভাব থেকে নিজেকে রক্ষা করতে আমাদের উচিত সচেতন হওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সমাজিক দূরত্ব বজায় রাখা।
মন্ত্রী শিক্ষার্থীদের ঘরে বসে সংসদ টেলিভিশনের মাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ শিরোনামে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ক্লাসসমূহ মনোযোগ দিয়ে দেখার ও আত্মস্থ করার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় আজ (রবিবার) থেকে সংসদ টেলিভিশনের মাধ্যমে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দক্ষ শ্রেণি শিক্ষকদের ক্লাস সম্প্রচার করা হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ।
মন্ত্রী এই শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত সকল শিক্ষক, সংসদ টেলিভিশনের সকল কলাকৌশলী এ২আই কে ধন্যবাদ জানান।
প্রত্যেক শিক্ষার্থী বাসায় বসেই টিভির মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পাঠদান কার্যক্রম চলবে।
বিকাল ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব ক্লাস আবার পুনঃ প্রচার করা হবে। তাছাড়া এসব ক্লাস আমার ঘরে আমার স্কুল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। যদি কোনো শিক্ষার্থী কোনো ক্লাস দেখতে না পারেন তাহলে সে উল্লেখিত ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে ক্লাসটি দেখতে পারবেন।
খবর: ইউনবি।