চার বৃদ্ধকে কান ধরে ওঠবস করিয়ে সমালোচিত যশোরের মনিরামপুরের সাবেক সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে ধর্ষণের হুমকি দেওয়ায় ব্যাংক কর্মকর্তা জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এ খবর জানিয়েছে।
রবিবার দুপুরের দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করার পর তাকে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার আদালতে তাকে উপস্থাপন করা হবে। ডিবি উত্তরের অতিরিক্ত উপকমিশনার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সাইয়েমা হাসান আজই বাদী হয়ে যশোরের মনিরামপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।
সাইয়েমা হাসান মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চার বৃদ্ধকে কান ধরে ওঠবস করিয়ে সমালোচিত হওয়ার পর তাকে প্রত্যাহার করা হয়।