চেয়ারম্যানের বিরুদ্ধে আ.লীগ নেতাকে পেটানোর অভিযোগ

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন মাতুব্বরকে (৫৪) রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমউদ্দিন তালুকদারের (৫৪) বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার ইকরকান্দি খানবাড়ি জামে মসজিদের সামনে এ হামালার ঘটনা ঘটে।

আহত সালাউদ্দিন মাতুব্বরের বাড়ি নারায়ণপুর ইউনিয়নের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের ইকরকান্দি গ্রামে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

ভেদরগঞ্জ থানা ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ইউপি চেয়ারম্যান নাজিমউদ্দিন তালুকদারের সঙ্গে সালাউদ্দিন মাতুব্বরের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সালাউদ্দিন ইউনিয়নের ইকরকান্দি খানবাড়ি জামে মসজিদে মাগরিবের নামাজ শেষে বাড়ি ফেরার সময় মসজিদের সামনে তার সঙ্গে নাজিমউদ্দিন ও তার লোকদের বাগ্্বিতন্ডা হয়। একপর্যায়ে নাজিমের নেতৃত্বে মফিজ তালুকদার (৪০), স্থানীয় ইউপি সদস্য রাজিব তালুকদার (৪০), অমি তালুকদারসহ ১২-১৪ জন সালাউদ্দিনকে রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

ভেদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেয়েছি।’