কোয়ারেন্টাইন

১০০ কক্ষ দিতে চায় রাজেন্দ্র ইকো রিসোর্ট

করোনা সন্দেহভাজনদের কোয়ারেন্টাইনের জন্য রিসোর্টের ১০০টি কক্ষ দিতে চায় গাজীপুরের রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেড। গতকাল রবিবার রিসোর্টের মালিক মৌলভীবাজার সদর উপজেলার মুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম সাংবাদিকদের কাছে এ ইচ্ছা প্রকাশ করেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর ডাকে একাত্তরে যুদ্ধ করেছিলাম। করোনা পরিস্থিতিও একধরনের যুদ্ধ। সবাইকে নিজ অবস্থান থেকে এ যুদ্ধে শামিল হতে হবে। তাহলেই আমরা বিজয়ী হতে পারব।’ পুলিশের সাবেক এই অতিরিক্ত মহাপরিদর্শক আরও বলেন, ‘মানুষ ভয় পেয়েছে।

এ জন্য জনবহুল এলাকায় সরকারি বা বেসরকারি উদ্যোগে কোয়ারেন্টাইন করতে গেলে বাধা আসছে। শহর থেকে দূরে আমার মতো যাদের রিসোর্ট আছে, তারা এগিয়ে আসতে পারেন। কারণ এখন তো ব্যবসা হচ্ছে না। মানুষের বিপদে কাজে লাগতে পারে।’

সংশ্লিষ্টরা জানান, ২০০৯ সালে বজলুল করিম রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট অ্যান্ড ভিলেজ তৈরি করেন। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে ৮ কিলোমিটার দূরে শালবনের ভেতরে প্রায় ৮০ বিঘা জমি নিয়ে যৌথ মালিকানায় এটি গড়ে তোলা হয়েছে। রিসোর্টে আপাতত ১৪টি কটেজ প্রস্তুত হয়েছে, যাতে মোট ১০০টির বেশি কক্ষ রয়েছে। এর বাইরে বেশ কয়েকটি মাটির ঘরও রয়েছে। প্রয়োজনে সেগুলো ব্যবহারের জন্য দিতে রাজি আছেন বজলুল করিম।