রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল রবিবার সন্ধ্যায় হাসপাতালের অপারেশন থিয়েটারের (ওটি) ফ্রিজে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন নিভে যায়।
আগুনে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আবদুল গনি মোল্লা। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ৮ নম্বর ওটি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ৫টি ওটিতে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আপাতত অপারেশন বন্ধ থাকবে।’ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর রাসেল দেশ রূপান্তরকে জানান, ওটির ফ্রিজ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।