সাংবাদিক পেটানোয় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বরিশালে সরকারি প্রচারণার ছবি তুলতে গিয়ে ফটোসাংবাদিক শাফিন আহমেদ ও নাসির উদ্দিনকে লাঠিপেটার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এরা হচ্ছেন- নায়েক মো. মহসিন, কনস্টেবল মো. জাহিদ ও মো. কাওসার। তাদের পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের মারপিটের ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে মেট্রোপলিটন পুলিশ। উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেনকে প্রধান করে তিন সদস্যের ওই কমিটি গঠন করা হয়। দ্রুত তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর ঢালে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রচারণায় যান বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেন। সেখানে ছবি তুলতে যান বরিশালের আঞ্চলিক দৈনিক দেশ জনপদ ও দৈনিক দখিনের মুখ পত্রিকার ফটো সাংবাদিক শাফিন আহমেদ রাতুল ও নাসির উদ্দিন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার বহরে থাকা পুলিশ সদস্যরা ফটোসাংবাদিক শাফিন আহমেদ রাতুল ও নাসির উদ্দিনকে লাঠিপেটা করেন। গত শনিবার রাতে বিষয়টি জানাজানি হওয়ায় সহকর্মীদের খুলে বলেন তারা। এরপর সহকর্মীরা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসককে বিষয়টি জানান। তার পরিপ্রেক্ষিতে আজ ওই ব্যবস্থা নেওয়া হয়।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, দুই সাংবাদিককে লাঠিপেটার ঘটনা দুঃখজনক। প্রাথমিকভাবে অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।