ওসিএআইবির পিপিই প্রদান অনুষ্ঠানে আইজিপি

পুলিশ সদস্যদের মানবিক আচরণ করতে হবে

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতেতে সব পুলিশ সদস্যকে সাধারণ জনগণের সঙ্গে পেশাদার, সহিষ্ণু ও মানবিক আচরণ করতে হবে। গতকাল রবিবার পুলিশ সদর দপ্তরে পুলিশকে ওভারসিস চায়নিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (ওসিএআইবি) কর্র্তৃক করোনাভাইরাস প্রতিরোধে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, এই মুহূর্তে আমরা সবার পাশে থাকতে চাই, সবার সঙ্গে থেকে একসঙ্গে কাজ করতে চাই। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই যুদ্ধে জয়ী হব। পুলিশপ্রধান বলেন, বিদেশফেরতদের বাড়িগুলো চিহ্নিত করা হয়েছে। করোনাভাইরাস সম্পর্কে বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রম মনিটর করার জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে সার্বক্ষণিক মনিটরিং সেল কাজ করছে।

অনুষ্ঠানে করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশকে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়ে সহায়তা করার জন্য ওসিএআইবিকে ধন্যবাদ জানান আইজিপি।