করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে পিপিই, কিট ও গণসচেতনতামূলক লিফলেট বিনামূল্যে সারা দেশে সিভিল সার্জনদের কার্যালয়ে পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগার থেকে এ সেবা সরবরাহ করা করা হচ্ছে। গতকাল রবিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশে গত শনিবার থেকে এ কর্মসূচি শুরু করেছে ডাক বিভাগ। দেশের ৬৪টি জেলায় সিভিল সার্জন কার্যালয়ে ডাক বিভাগের ৬০টি কাভার্ডভ্যান গাড়ি দিয়ে এই সব চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। পরিদর্শক পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে ডাক বিভাগ সিভিল সার্জন কার্যালয়ে করোনা চিকিৎসা সহায়ক সরঞ্জাম হস্তান্তর করছে। ডাক মহাপরিচালক এস এস ভদ্র সার্বিক বিষয়ে তদারকি করছেন। এর আগে টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে ইন্টারনেট ও টেলিফোন জরুরি সেবার অন্তর্ভুক্ত করে ২৪ মার্চ সরকারি আদেশ জারি করা হয়।