যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজীর পাগলা গ্রামের বাবা ও ছেলের মৃত্যুর হয়েছে।
নিউইয়র্কের একটি হাসপাতালে গত শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে ছেলে ডা. শাকিল ও রাত ৩টার দিকে বাবা শফিকুল মারা যান।
এছাড়া মা রাশিদা খানম করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
জেলার লৌহজং উপজেলার কাজীরপাগলা গ্রামের মৌলভী স্যারের বাড়ি তথা তালুকদার বাড়ির শফিকুল ইসলাম ১৯৯১ সালে ডিবি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি পরিবার-পরিজন নিয়ে নিউইয়র্কে বাস করে আসছিলেন।
এদিকে, নিউইয়র্কে বাবা-ছেলের মৃত্যুর খবরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কাজীরপাগলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে বলে জানিয়েছেন জেলা যুবলীগের দপ্তর সম্পাক অলিউর রহমান।
তিনি জানান, আমেরিকান প্রবাসী শফিকুল ইসলামের ছোট ভাই শহিদুল ইসলাম বাবা ও ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি গ্রামে তাদের মৃত্যুর খবর দিলে শোকের ছায়া নেমে আসে।
বাবা ও ছেলের মৃত্যুর খবর শুনে হতবাক হয়ে গেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আলহাজ্ব আবুল বাসার।
তিনি জানান, শফিকুল ইসলাম তার সহপাঠী ছিলেন। ১৯৭২ সালে তিনি ও শফিকুল ইসলাম লৌহজং উপজেলার কাজীরপাগলা এটি ইনস্টিটিউশন থেকে এসএসসি পাস করেন।