ভাইরাসের প্রাদুর্ভাবের ভেতর চলতি বছর আর আইপিএল আয়োজন করতে ‘চায় না’ ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআইয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আসরটি সামনের বছর আয়োজনের পরিকল্পনা চলছে।
২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানসের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল। গত বার এই দুটি দলই ফাইনাল খেলেছিল।
আসরের আগে ২০২১ মৌসুমের মেগা নিলামও হচ্ছে না। এর আগে বাতিল হয় ফ্রাঞ্চাইজিদের বৈঠক।
নভেল করোনাভাইরাস ঠেকাতে ভারতে টানা ২১ দিনের লকডাউন চলছে। এর ভেতর ১৫ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট স্থগিত করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘এ বছর আইপিএল আমরা চাই না। যে অবস্থা চলছে তার ভেতর ঝুঁকি নেওয়া অসম্ভব। তার চেয়ে বরং সামনের বছর করা ভালো।’
ওই কর্মকর্তা জানান, তারা চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ভারত সরকারের দিকে তাকিয়ে আছেন।