যশোরে হাসপাতালের করোনা কোয়ারেন্টাইনে শিশুর মৃত্যু

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের জন্য নির্মিত আইসোলেশন ওয়ার্ডের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন এক  শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে তার মৃত্যু হয়।

১২ বছর বয়সী কন্যাশিশুটিকে তার অভিভাবকরা রবিবার বিকেল সাড়ে চারটায় হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরিফ আহমেদ জানান, ভর্তির সময় তার শারীরিক অবস্থার উপসর্গ দেখে তাকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়।

সোমবার সকালে আইইডিসিআরের স্থানীয় প্রতিনিধিদের তার নমুনা সংগ্রহ করার কথা ছিল।

এদিকে সকাল সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর পর আইইডিসিআরের প্রতিনিধিরা উপসর্গ শুনে বলেছেন সে করোনো আক্রান্ত ছিল না। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যশোর করোনাভাইরাস বিষয়ক চিকিৎসক কমিটির প্রধান গৌতম আচার্য বলেন, তাকে করোনা সন্দেহে ভর্তি নেওয়া হয়েছিল এবং যেহেতু করোনা সন্দেহ ছিল সে কারণে আইইডিসিআরের সঙ্গে কথা বলা হয়েছিল।

হাসপাতালের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, আইইডিসিআর ওই শিশুর লক্ষণ শুনে বলেছে সে করোনা আক্রান্ত ছিল না। তারা লাশ পরিবারের কাছে হস্তান্তর করতে বলেছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।