নভেল করোনাভাইরাসে পৃথিবীর সব আয়োজন যখন মুখ থুবড়ে পড়েছে, তখন বেলারুশ প্রিমিয়ার লিগ চলছে মহা সমারোহে! স্কাই স্পোর্টস এবং দ্য সানের প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির প্রেসিডেন্টের সমর্থন এবং ব্যবসায়িক চিন্তা থেকে লিগটি বন্ধ করা হচ্ছে না।
লিগের নতুন মৌসুম শুরু হয়েছে গত ১৯ মার্চ। এখন বন্ধ হয়ে গেলে সম্প্রচার সত্ত্ব পাওয়া চ্যানেলকে বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে বেলারুশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার। কর্মকর্তারা সেটি চান না।
মহামারীর ভেতর লিগটি চালু রাখায় বিশ্ব ক্রীড়াঙ্গনে বেশ আলোচনা চলছে। ইউরোপীয় ফুটবলের কয়েকটি সংস্থা শঙ্কা প্রকাশ করেছে।
লিগটি চালু রাখতে কিছু পদক্ষেপ অবশ্য নেয়া হয়েছে। দর্শকদের মাঠে ঢোকানোর সময় তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। তবে খুব বেশি মানুষকে মাস্ক পরতে দেখা যায়নি।
আয়োজকদের উদ্ধৃত করে স্কাই নিউজ জানিয়েছে, লিগটি বাতিল কিংবা স্থগিতের কোনো পরিকল্পনা তাদের নেই!
দেশটির প্রেসিডেন্ট অ্যালেক্সান্ডার লুকাশেঙ্কো লিগ চালিয়ে নিতে নির্দেশ দিয়েছেন। দেশবাসীকে সাহস যোগাতে অদ্ভুত সব কথাও বলছেন তিনি।
গত শুক্রবার যেমন হকি রিঙ্কে নেমে পড়েন আইস হকি খেলতে। শুধু খেললে না হয় কথা ছিল, বেলারুশ প্রেসিডেন্ট করোনাভাইরাসের প্রতিষেধকও ‘আবিষ্কার’ করে ফেললেন হকি রিঙ্কে। বললেন আইস হকি হচ্ছে করোনার প্রতিষেধক!