গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে। টানা দুদিন পর দেশে করোনা আক্রান্ত শনাক্ত হলো।
সোমবার দুপুরে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, নতুন আক্রান্ত একজন নারী। তার বয়স ২০ এর ঘরে। তার সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা ৫ জনই রয়েছে। নতুন করে চারজন সুস্থ হওয়ায় এ সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোর বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ছয়জন আইসোলেশনে গেছেন। এ নিয়ে বর্তমানে ৬২ জন আইসোলেশনে আছেন। সর্বমোট আইসোলেশনে থাকার সংখ্যা ২৮৪ জন।
তিনি আরও জানান, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থাকা ৩৬ জনের করোনা ধরা পড়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে ৩২ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন।
আইইডিসিআর পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ১৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট ১ হাজার ৩৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আইইডিসিআর হটলাইনে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রান্ত ৩ হাজার ৫৯৭টি কল এসেছে।