পাকিস্তানে জুমার নামাজে নিষেধাজ্ঞা না মানায় ইমাম-মুয়াজ্জিনসহ আটক ৪৩

করোনাভাইরাসের প্রকোপের মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে মসজিদ জুমার নামাজ আদায় করায় ৪৩ জনকে আটক করা হয়েছে পাকিস্তানের দুই প্রদেশে।

দেশটির প্রভাবশালী পত্রিকা ডন জানায়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও তত্ত্বাবধায়ক রয়েছেন। তাদের মধ্যে ৩৮ জন সিন্ধু প্রদেশে এবং বাকিরা পাঞ্জাবের।

প্রদেশ দুটিতে করোনা বিস্তার ঠেকাতে জনসমাগম এড়াতে ৫ এপ্রিল পর্যন্ত মসজিদে গিয়ে জামাতে নামাজে পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় প্রশাসন। 

জুমার নামাজের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়। তবে মসজিদে জামাত একেবারেই বন্ধ করেনি। সিন্ধু প্রদেশের এক মুখপাত্র জানান, মসজিদ কর্মীসহ মোট ৫ জন জামাতে নামাজ পড়তে পারবেন।

মুর্তজা ওয়াহাব নামে ওই মুখপাত্র গত বৃহস্পতিবার এক টুইটার বার্তায় মসজিদে জামাত আদায়ের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি জানান। ধর্মীয় ব্যক্তিত্ব ও চিকিৎসা বিশেষজ্ঞদের মতামত নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে শুক্রবার জুমার নামাজে উপস্থিতি কম থাকলেও প্রশাসনের এই নিষেধাজ্ঞা উপেক্ষা করতে দেখা গেছে স্থানীয় মানুষদের। সরকারের এই সিদ্ধান্তকে যে সব ধর্মীয় গোষ্ঠী সমর্থন দিয়েছিল, তাদের অনুসারীরাও এই নিষেধাজ্ঞা মানেনি বলে পুলিশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত এক হাজার ৬২৫ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিন্ধু ও পাঞ্জাবে রোগীর সংখ্যা বেশি। এ ছাড়া মারা গেছেন ১৯ জন, যাদের মধ্যে রয়েছেন সিন্ধুতে ৫ এবং পাঞ্জাবে ৬ বাসিন্দা।