মালয়েশিয়া ভ্রমণ করে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার একদিন পর গোলাম মোস্তফা নামে এক ইউপি সদস্য মারা গেছেন। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের (উজ্জ্বলপুর গ্রাম) ইউপি সদস্য। তার বয়স ৫৯ বছর।
মৃত ইউপি সদস্যের ছেলে আব্দুল্লাহ আল মামুন জানান, গোলাম মোস্তফা গত ১৪ মার্চ মালয়েশিয়া ভ্রমণ শেষে বাড়ি ফেরার পর থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন। তিনি ঝিকরগাছা উপজেলা প্রশাসনের করা বিদেশ ফেরত তালিকার ৯৬৬ নম্বর ব্যক্তি। প্রশাসনের পক্ষ থেকে তাকে হোম কোয়ারেন্টানে রাখার জন্য তার হাতে বিদেশ ফেরত সিল ও বাড়িতে লাল পতাকা ঝুলিয়ে দিয়েছিল। গত ২৮ মার্চ তার ১৪ দিনের হোম কোয়ারেন্টানের মেয়াদ শেষ হয়।
আবদুল্লাহ আল মামুন আরও জানান, সোমবার সকালে তার বাবা বুকে ব্যথা অনুভব করেন এবং কয়েকবার বমি করেছেন। পরে পল্লি চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও তিনি দুইবার মিনি স্ট্রোকের শিকার হয়েছিলেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. হাবিবুর রহমান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। তার শরীরে করোনাভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি। তিনি ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তার শরীরে অসুস্থতার কোন লক্ষণ ছিল না। তিনি হৃদ্রোগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার সুমি মজুমদার বলেন, গোলাম মোস্তফার মৃত্যু হয়েছে হৃদ্রোগ।