করোনায় ৫০০ পরিবারকে সহায়তার উদ্যোগ নিলেন সাইমন

গত বছর চীনের হুবেই প্রদেশের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে মহামারি করোনাভাইরাস। ৮ মার্চ থেকে বাংলাদেশেও ভাইরাসটির প্রাদুর্ভাব লক্ষ করা যায়। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এর মধ্যে মারা গেছেন ৫ জন। এদিকে করোনা ভাইরাস যাতে আর না ছড়াতে পারে সে জন্য সরকার সারা দেশে ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে দেশের সব মানুষই এখন ঘরবন্দী।

এদিকে ঘরবন্দী সময়ে বিপাকে পড়েছেন দেশের খেটে খাওয়া মানুষেরা। যারা দিন আনে দিন খায় তাদের আয়-রুজি বন্ধ হয়ে যাওয়ায় মানবেতর দিন যাপন করছেন তারা। সেই সব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও সহায়তা কার্যক্রম চলছে। এগিয়ে এসেছেন ঢাকাই সিনেমার তারকারাও।

করোনায় চিত্রনায়ক সাইমন প্রায় ৫০০ পরিবারকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করেছেন। দেশ রূপান্তরকে তিনি জানিয়েছেন ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী কেনা হয়েছে। এখন চলছে প্যাকেজিং। কাল থেকে ঢাকা ও তার আশেপাশের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে এগুলো বিতরণ করবেন। সাইমনের এই উদ্যোগে তার পাশে এসে দাঁড়িয়েছেন তার কাছের ভাই বন্ধুরাও।

দেশ রূপান্তরকে সাইমন বলেন, ‘করোনাভাইরাসের কারণে এখন সব মানুষই ঘরবন্দী। বিশেষ করে খেটে খাওয়া মানুষেরা বিপাকে পড়েছেন। তাদের সহায়তা করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমি ও আমার কিছু ভাই-বন্ধু মিলে এই কাজটা করছি। আশা করছি আগামীকাল থেকে ত্রাণসামগ্রীগুলো বিতরণ করতে পারব।’

তিনি আরও বলেন, ‘আমরা যাকে তাকে নয়, বেছে বেছে খুব দরিদ্র মানুষদেরকেই সহায়তা করব। যাতে প্রকৃত ভুক্তভোগীদের উপকার হয়।’

উল্লেখ্য, ২০১২ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বি হুজুর’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সাইমনের। ২০১৩ সালে একই পরিচালকের ‘পোড়ামন’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।