একটি মোবাইলের সূত্র ধরে টমটমের (ব্যাটারিচালিত ইজিবাইক) চালক আউয়াল হত্যার সঙ্গে জড়িত ৫ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজন নবম শ্রেণির ছাত্র। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে দুজন গতকাল সোমবার ও তিনজন রবিবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
১৮ মার্চ মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্ট্যান্ড থেকে ৫ কিশোর পূর্বপরিকল্পনা অনুযায়ী সুরমা চা-বাগানে বেড়ানোর কথা বলে একটি টমটম ভাড়া করে। তারা ছবি ওঠানো ও ঘুরতে যাওয়ার কথা বলে বাগানের কিবরিয়াবাদ এলাকার নির্জন স্থানে নিয়ে যায়। একপর্যায়ে তারা টমটমচালক আউয়ালের ওপর চড়াও হয়। তাকে মারধর করে গুরুতর আহত করে টমটম ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আউয়াল হামলাকারীদের একজনকে চিনে ফেলায় সমূহ বিপদ হতে পারে এ আশঙ্কায় চালকের গলায় ছুরি চালিয়ে হত্যা করে কিশোররা। আউয়াল (১৮) ওই উপজেলার ভেংগাডুবা গ্রামের হারিছ মিয়ার ছেলে।