সম্প্রতি রাঙ্গামাটির সাজেক ইউনিয়নের দুর্গম শিয়ালদহ এলাকায় হামে আক্রান্তদের চিকিৎসা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ থেকে ২৮ মার্চ ১৭১ শিশুসহ মোট ২০২ জনকে চিকিৎসার পাশাপাশি মানবিক সহায়তা দেওয়া হয়েছে। কয়েক দিন শিয়ালদহ এলাকায় মহামারী আকারে ছড়িয়ে পড়ে হাম। এতে সাজেকের তিনটি দুর্গম পাহাড়ি এলাকার ৮ ত্রিপুরা শিশু প্রাণ হারায়। দুর্গম ও যোগাযোগ বিচ্ছিন্ন এসব এলাকায় চিকিৎসা সহায়তার জন্য বেসামরিক কর্র্তৃপক্ষ সেনাবাহিনীকে অনুরোধ করলে ২৪ মার্চ থেকে সামরিক-বেসামরিক চিকিৎসকদের একটি দল বিমানবাহিনীর হেলিকপ্টারে শিয়ালদহ গিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করে।