বিদেশে প্রশিক্ষণ শেষে দেশে ফেরা ৩০ বিচারকের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারি জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ বিভিন্ন পদমর্যাদার ৩০ বিচারক বিচারিক প্রশিক্ষণের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন। এরপর ১৫ মার্চ তারা দেশে ফিরলে আইন মন্ত্রণালয়ের নির্দেশক্রমে সবাই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কারও মধ্যে করোনা সংক্রমণের লক্ষণ দেখা যায়নি। শিগগির তারা তাদের কর্মস্থলে যোগ দেবেন।
এদিকে করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে দেশের সব অধস্তন আদালতে কর্মরত বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য একটি মনিটরিং ডেস্ক গঠন করেছে আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, প্রায় ১৮শ বিচারকসহ ১৮ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের কেউ করোনায় আক্রান্ত হয়েছেন কি না, কিংবা আক্রান্ত হলে করণীয় কী সেজন্য একটি মনিটরিং ডেস্ক গঠন করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের দুই উপসচিব যথাক্রমে শেখ গোলাম মাহবুব ও এস মুহাম্মদ আলী এই ডেস্কের সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। তারা সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিচারক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে তথ্য সংগ্রহ করে মন্ত্রণালয়ের সচিবকে জানাবেন। এরপর সচিব রাত ১০টায় আইনমন্ত্রীকে বিস্তারিত অবহিত করবেন। এরপর সে অনুযায়ী করণীয় নির্ধারণ করা হবে।