খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে : তাজুল

পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল সোমবার রাজধানীর মিরপুরে কল্যাণপুর নতুন বাজার পোড়াবস্তিতে ঢাকা ওয়াসার উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস সংক্রমণ রোধে ‘সামাজিক দূরত্ব’ নিশ্চিতকল্পে সরকার দেশব্যাপী ছুটি ঘোষণা করেছে এবং সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছে। এ পরিস্থিতিতে অনেক দরিদ্র লোকের পক্ষে খাবার জোগাড় করা কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। সরকার তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সবাই যার যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। দুস্থ ও অসহায় মানুষদের জন্য মানবিক বিবেচনায় ঢাকা ওয়াসা এ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, সারা দেশে সিটি করপোরেশন, পৌরসভাসহ অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ ও জনপ্রতিনিধিদের মাধ্যমেও আমরা খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি। পর্যায়ক্রমে এর পরিসর ও উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানো হবে।