ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার টিএসসি, তিন নেতার মাজার, দোয়েল চত্বর এলাকায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে দ্বিতীয় দিনের মত প্রায় দেড়শ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।খাদ্য সামগ্রীর তালিকায় ছিল চাল, ডাল, পেঁয়াজ, আলু, ছোলা ইত্যাদি।
ছাত্রদলের নেতারা জানিয়েছেন, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ত্রাণ বিতরণের এ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে।
জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ,সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন,সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম রাকিব ও সদস্য সচিব মো. আমান উল্লাহ আমানের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম সম্পন্ন হয়।
কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে কষ্টের মাঝে জীবন যাপন করছে আমাদের গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠী। তাদের বেদনাদায়ক পরিস্থিতির কারণে আমাদের সাংগঠনিক অভিভাবক, তারেক রহমান জাতীয়তাবাদী ছাত্রদল কে নির্দেশনা দিয়েছেন,সবসময় গরীব ও ছিন্নমূল জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে।আমরা আমাদের সাধ্যমত চেষ্টা করছি। সমাজের বিত্তবান মানুষকেও এদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।