করোনা আতংকে চুনারুঘাটের চা শ্রমিকেরা স্বেচ্ছা ছুটিতে

করোনা আতংকে চুনারুঘাটের ২৩টি চা বাগানের প্রায় ৩৫ হাজার শ্রমিক স্বেচ্ছায় মঙ্গলবার থেকে ছুটিতে গেছেন। চুনারুঘাটের লস্করপুর ভ্যালির চা শ্রমিক নেতারা এই ছুটি ঘোষণা করেন। 

বুধবার পর্যন্ত চা শ্রমিকেরা সেই  স্বেচ্ছা ছুটি ভোগ করবেন। চা শ্রমিকেরা বছরে ১৪ দিন স্বেচ্ছাছুটি ভোগ করতে পারেন। সেই ছুটি থেকে ২ দিনের ছুটি কর্তন হবে জানান শ্রমিক নেতারা।

বাগানের সাধারণ শ্রমিকদের মাঝে করোনা আতংক দেখা দেওয়ায় তারা বাগানের সমুদয় কাজ বন্ধ রাখার দাবী জানিয়ে আসছিলেন। কিন্তু বাগান ব্যবস্থাপক উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওযায় বাগান সচল রাখার সিদ্ধান্তে অটল ছিলেন। এ নিয়ে বাগান কর্তৃপক্ষের সাথে শ্রমিক নেতাদের কয়েক দফা বৈঠক হয়। কিন্তু বাগান কর্তৃপক্ষ উপর মহলের সিদ্ধান্ত ছাড়া বাগানের কাজ বন্ধ রাখার বিপক্ষে অবস্থান নেয়।

এরই প্রেক্ষিতে সোমবার শ্রমিক নেতাদের এক জরুরী বৈঠক হয়।  সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার ও বুধবার বাগানে স্বেচ্ছা ছুটি’ ঘোষনা করা হয়।

শ্রমিক নেতা ইউপি সদস্য মাখন গোস্বামী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার যেখানে ১০দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সেখানে বাগান শ্রমিকেরা  এখনও সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কাজ করাচ্ছে মালিকেরা।

তিনি বলেন চুনারুঘাট উপজেলায় ডানকান ব্রাদার্স, ন্যাশনাল টি কোম্পানী ও ব্যক্তিমালাকাধীন ছোট বড় চা বাগান রয়েছে ২৩টি। এতে নিয়মিত শ্রমিক রয়েছেন ৩৫ হাজার। তাদের পোষ্যসহ লোক সংখ্যা প্রায় দেড় লাখের উপরে। শ্রমিকরা এক সাথে দল বেঁধে কাজে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় বলেন, চা বাগান বন্ধ করার কোন নির্দেশনা এখনো আসেনি। তবে শ্রমিকদের মাঝে করোনা সর্তকতা বাড়ানোর কাজ চলছে।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান জানান ইতোমধ্যে চা বাগানে ত্রান সামগ্রী দেওয়া হয়েছে। তাদের জন্য আরও বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে।