করোনাভাইরাসের প্রাদুর্ভাব বড় ধরনের অর্থনেতিক ধাক্কা হয়ে এসেছে ইউরোপের ফুটবল ক্লাবগুলোর জন্য। এমন পরিস্থিতিতে অনেক ক্লাব তাদের খেলোয়াড়, কর্মকর্তাদের কম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থনৈতিক সংকট থাকলেও আসছে দল-বদলে বার্সেলোনার সরব উপস্থিতি থাকবে বলে জানিয়েছেন ক্লাবটির সভাপতি জোসেপ বার্তোমেউ।
লা লিগা চ্যাম্পিয়ন ক্লাবটির সর্বোচ্চ এই কর্মকর্তা জানিয়েছেন, বার্সেলোনার এখনও তারকা ফুটবলারদের দলে বেড়ানোর আর্থিক সক্ষমতা আছে।
স্প্যানিশ ক্রীড়া বিষয়ক সংবামাধ্যম দিয়ারো স্পোর্তকে বার্তোমেউ বলেন, “(করোনাভাইরাসের) এই মহামারির কারণে আসছে গ্রীষ্মকালীন দল-বদল খুব বেশি অর্থের হবে না। তবে আমি বলতে পারি যে, বিনিময় চুক্তির মাধ্যমে আমরা অনেক খেলোয়াড়কে দেখতে পারব।”
করোনাভাইরাসের কারণে সবকিছু থমকে যাওয়ার আগে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পিএসজি থেকে ফেরাতে কাজ করে যাচ্ছিল বার্সেলোনা। ক্লাবটির নজর আছে ইন্টার মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার লরাতো মার্তিনেজের দিকেও। তবে বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএন বলছে, বর্তমান পরিস্থিতিতে তাদেরকে চুক্তিবদ্ধ করা বার্সেলোনার জন্য সম্ভব নাও হতে পারে।
তবে আগামী দল-বদলে বার্সেলোনার সরব উপস্থিতি থাকবে বলে জানালেন বার্তোমেউ, “আগামী মৌসুমের জন্য শক্তিশালী দল গঠন করতে এখনও কাজ করে যাচ্ছেন এরিক আবিদাল (বার্সেলোনার ক্রীড়া বিষয়ক পরিচালক) ও তার সহযোগী র্যামন প্লানস।”
“আমি নাম বলতে পারব না। তবে যাদেরকে আমরা প্রয়োজন মনে করব বার্সা তাদের কাছেই যাবে। বিশ্বের অন্য ক্লাবগুলো থেকে আমরা বেশি টাকা আয় করি। তাই, অবশ্যই বড় চুক্তি করার ক্ষমতা আমাদের আছে।”
“ক্লাব কোনো বিপদে নেই। যেসব ক্লাব টিকিট বা সম্প্রচার সত্ত্বের ওপর নির্ভর করে আমরা তাদের থেকে আলাদা। আমাদের আয়ের অন্য উৎসও আছে, যেমন- ফুটবল স্কুল ও জাদুঘর।”
বার্তোতেউ অর্থের গরম দেখালেও করোনাভাইরাস প্রাদুর্ভাব ক্লাবটিকে যে বড় সংকটে ফেলে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এই সংকট ঠেকাতে খেলোয়াড়দের বেতন ৭০ শতাংশ কাটার সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি।