চট্টগ্রামে বিআইটিআইডিতে আইসোলেশনে চিকিৎসাধীন নারীর মৃত্যু

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, এ বিষয়ে নিশ্চিত নন চিকিৎসকরা।

মঙ্গলবার রাত ৯টার দিকে ওই নারীর মৃত্যু হয় বলে জানিয়েছেন বিআইটিআইডির পরিচালক অধ্যাপক এম এ হাসান চৌধুরী।

তিনি জানান, আনুমানিক ৫০-৫৫ বছর বয়সী ওই নারী শ্বাসকষ্ট, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। এর আগে এই রোগী চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে মঙ্গলবার সকালে বিআইটিআইডিতে পাঠানো হয়।

এ বিষয়ে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ওই নারী করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত নয় । তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বুধবার পরীক্ষা করা হবে। আইসোলেশনে থাকা এই নারী দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা বলে জানান তিনি।