সড়কে পড়ে থাকা জ্বরে আক্রান্ত অজ্ঞান ব্যক্তি উদ্ধার

সুনামগঞ্জের দিরাই উপজেলায় সড়কে পড়ে থাকা জ্বরে আক্রান্ত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলাবার রাত ৮টার দিকে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দিরাই-মদনপুর সড়কের শরীফপুর এলাকায় এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় পড়ে আছে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। রাস্তার পাশে পরে থাকা জ্বরে আক্রান্ত অজ্ঞাত ওই ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ। এ সময় তার গায়ে প্রচণ্ড জ্বর ছিল এবং তার হাতে ইনজেকশন দেওয়ার ক্যানোলা ও প্রস্রাবের রাস্তায় নল লাগানো ছিল। পরে থাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত চক্রবর্তী জানান, লোকটি জ্বরে আক্রান্ত, হাতে ক্যানোলা ও প্রস্রাবের রাস্তায় নল লাগানো, মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন অথবা কোথাও চিকিৎসাধীন অবস্থায় ছিল। তবে কোনো কথা বলছে না। প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে জ্ঞান ফিরলে বোঝা যাবে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম জানান, ওই লোকের নামপরিচয় জানার চেষ্টা চলছে। তবে ধারণা করা হচ্ছে হাসপাতাল থেকে পালিয়ে এসেছে অথবা কেউ ফেলে গেছে।