করোনাভাইরাসের কারণে পরিস্থিতি মোকাবিলায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন গত বছর ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের তারকা পারফরমার জস বাটলার। হাসপাতালগুলোতে সহায়তার জন্য বিশ্বকাপের ফাইনালে পরে খেলা জার্সিটি নিলামে তুলেছেন তিনি।
গত বছরের জুলাইয়ে তীব্র উত্তেজনাপূর্ণ বিশ্বকাপের ফাইনালে সুপার ওভারে নিউজিল্যান্ডকে হারাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাটলার। ২৪১ রানের জবাবে নির্ধারিত ওভারের খেলায় দায়িত্বশীল ফিফটি হাঁকিয়ে ম্যাচ টাইয়ে গড়াতে বড় অবদান রাখেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
এরপর সুপার ওভারে অসাধারণ ব্যাটিং করে এবং শেষ বলে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলকে রান-আউট করে দলকে রোমাঞ্চকর জয় এনে দেন গাপটিল। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে ক্রিকেটের আঁতুড়ঘর ইংল্যান্ড।
করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতিতে সহায়তার জন্য অর্থ তুলতে বিশ্বকাপ ফাইনালে নিজের সেই জার্সিটিই নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন বাটলার। টুইট করে নিজেই এ তথ্য জানিয়েছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। জার্সিটিতে বিশ্বকাপ জয়ী দলের সব খেলোয়াড়ের অটোগ্রাফ রয়েছে বলে জানিয়েছেন বাটলার।
জার্সির নিলাম থেকে পাওয়া সব অর্থ রয়্যাল ব্রম্পটন ও হেয়ারফিল্ডের হাসপাতালগুলোতে দেওয়া হবে বলে জানিয়েছেন বাটলার, “কেননা আমরা সবাই জানি, এই মুহূর্তে হাসপাতালগুলো, ডাক্তার ও নার্স ও ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা অসাধারণ দায়িত্ব পালন করছে। আসছে সপ্তাহ ও মাসগুলোতে তাদের জন্য আমাদের আরও বেশি সহায়তার দরকার হবে।”
“...তাদের সহায়তায় আমি এই জার্সিটি দান করব, যেটা আমি গত বছর বিশ্বকাপের ফাইনালে পরেছিলাম। দলে যারা ছিল তাতে সবার সই রয়েছে।”